মানুষের জীবনে কিছু আমল আছে, যা শুধু দুনিয়ার সাময়িক সফলতার জন্য নয়; বরং আখিরাতের চিরস্থায়ী সম্মান ও মর্যাদার জন্য সঞ্চিত হয়। পবিত্র রমজানের সিয়াম তেমনই এক মহান ইবাদত। ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার এই নীরব সাধনা আসলে আল্লাহর প্রতি ভালোবাসা, আনুগত্য ও তাকওয়ার এক অনন্য প্রকাশ। দুনিয়ার চোখে এটি কষ্টের ইবাদত হলেও, আখিরাতে এর জন্য রয়েছে এমন এক বিশেষ সম্মান, যা অন্য কোনো আমলের জন্য নির্ধারিত হয়নি।
عَنْ سَهْلٍ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ إِنَّ فِي الْجَنَّةِ بَابًا يُقَالُ لَهُ الرَّيَّانُ يَدْخُلُ مِنْهُ الصَّائِمُونَ يَوْمَ الْقِيَامَةِ لاَ يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ يُقَالُ أَيْنَ الصَّائِمُونَ فَيَقُومُونَ لاَ يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ فَإِذَا دَخَلُوا أُغْلِقَ فَلَمْ يَدْخُلْ مِنْهُ أَحَدٌ
সাহল (রা.) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন : জান্নাতে রাইয়্যান নামক একটি দরজা আছে। এ দরজা দিয়ে কিয়ামতের দিন সওম পালনকারীরাই প্রবেশ করবে। তাদের ব্যতীত আর কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না।
ঘোষণা দেওয়া হবে, সওম পালনকারীরা কোথায়? তখন তারা দাঁড়াবে। তারা ব্যতীত আর কেউ এ দরজা দিয়ে প্রবেশ করবে না। তাদের প্রবেশের পরই দরজা বন্ধ করে দেওয়া হবে। যাতে করে এ দরজাটি দিয়ে আর কেউ প্রবেশ না করে।
(বুখারি, হাদিস : ১৮৯৬)এই হাদিসটি সিয়ামের মর্যাদা ও রোজাদারদের জন্য আল্লাহর বিশেষ সম্মানের এক জীবন্ত চিত্র তুলে ধরে। ‘রাইয়্যান’ শব্দের অর্থ তৃপ্ত বা পরিপূর্ণ সিক্ত। দুনিয়ায় যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দীর্ঘ সময় তৃষ্ণা সহ্য করেছে, আখিরাতে তাদের জন্য থাকবে তৃপ্তির বিশেষ দরজা। এটি প্রতীক করে যে, আল্লাহ তাঁর বান্দার কষ্টকে কখনো বৃথা যেতে দেন না।
হাদিসে উল্লেখিত ঘোষণার দৃশ্য কিয়ামতের ময়দানে রোজাদারদের বিশেষ পরিচয় ও মর্যাদাকে প্রকাশ করে।
অসংখ্য মানুষের ভিড়ে তাদের আলাদাভাবে ডাকা হবে এবং তারা সম্মানের সাথে জান্নাতের একটি নির্দিষ্ট দরজা দিয়ে প্রবেশ করবে। এরপর দরজা বন্ধ হয়ে যাওয়ার অর্থ হলো, এই মর্যাদা কেবল তাদের জন্যই সংরক্ষিত, যারা আন্তরিকভাবে সিয়াম পালন করেছে।এ হাদিস আমাদের শেখায়, রোজা শুধু একটি আনুষ্ঠানিক ইবাদত নয়; বরং এটি ধৈর্য, সংযম, আত্মশুদ্ধি ও আল্লাহভীতির প্রশিক্ষণ। তাই রোজা পালন করা উচিত আন্তরিকতা, তাকওয়া ও আত্মসংযমের সঙ্গে। কারণ প্রতিটি সত্যিকারের রোজাদারের জন্য অপেক্ষা করছে জান্নাতের সেই সম্মানিত দরজা—রাইয়্যান।
এ ক্যাটাগরির আরো নিউজ..