ফুটবল উন্নয়নে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে প্রাথমিক আলোচনা শুরু করেছে পাকিস্তান ও আর্জেন্টিনা। দুই দেশের জাতীয় দলের মধ্যে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনাও এই আলোচনার অন্যতম বিষয় বলে জানা গেছে।
সূত্রের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্য জিও সুপার জানিয়েছে, পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ) ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মকর্তাদের মধ্যে ভার্চুয়াল বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে সম্ভাব্য প্রীতি ম্যাচ, কোচিং উন্নয়ন, টেকনিক্যাল ট্রেনিং প্রোগ্রাম এবং আর্জেন্টাইন কোচদের পাকিস্তানে পাঠানোর উদ্যোগ।সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, সবকিছু চূড়ান্ত হলে সম্ভাব্য ম্যাচটি বিশ্বকাপের পর অনুষ্ঠিত হতে পারে। তবে এখনো লজিস্টিক ও টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে বিস্তারিত মূল্যায়ন চলছে, চূড়ান্ত কোনো ঘোষণা দেওয়া হয়নি।
পিএফএফ সৈয়দ মহসিন গিলানির নেতৃত্বে পাকিস্তান ফুটবল ফেডারেশন আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সম্পৃক্ততা বাড়াতে কাজ করছে। উচ্চ পর্যায়ের এমন একটি ম্যাচ পাকিস্তানের জন্য বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
এদিকে, আর্জেন্টিনায় পাকিস্তান দূতাবাস জানিয়েছে, ‘এএফএ পাকিস্তান’ উদ্যোগ চালুর পর দুই ফেডারেশনের মধ্যে একটি ফলপ্রসূ বৈঠক আয়োজন করা হয়েছে। এই বৈঠকে দীর্ঘমেয়াদি ও কাঠামোগত অংশীদারিত্ব গড়ে তোলার ব্যাপারে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেছে।রাষ্ট্রদূত হাসান আফজাল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন পিএফএফ প্রেসিডেন্ট গিলানি এবং তার প্রতিনিধি দল, পাশাপাশি এএফএ-এর মার্কেটিং পরিচালক ফ্রান্সিসকো লেমি।
বৈঠকে পাকিস্তানের ফুটবল কাঠামো উন্নয়ন, কোচিং ব্যবস্থা জোরদার এবং দীর্ঘমেয়াদি সহযোগিতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রীতি ম্যাচ বা উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে আরো সময় ও সমন্বয় প্রয়োজন।
এ ক্যাটাগরির আরো নিউজ..