নেত্রকোণার কেন্দুয়ায় মাসকা ইউনিয়নের রায়পুর পাছপাড়া এলাকায় রাতের আঁধারে জনবহুল এলাকার চলাচলের গ্রামীণ কাঁচা রাস্তা কেটে ফেলার ফলে স্থানীয় বাসিন্দাদের চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) গণমাধ্যমের কর্মীরা সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, প্রায় এক/দেড় বছর আগে গ্রামবাসীদের উদ্যোগে মাটি ভরাট করে রায়পুর জিপিএস থেকে চুচিয়া বিল পর্যন্ত রাস্তাটি তৈরি করা হয়, পরে ২০২৪-২৫ অর্থবছরে কাবিখা প্রকল্পের আওতায় ২ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে রাস্তাটি পুননির্মাণ করা হয়।
কেন্দুয়া পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. মোজাম্মেল হক রনি এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোহেল চৌধুরীসহ আরও অন্যান্য স্থানীয়বাসিন্দারা বলেন, বিষয়টি আমরা মনে করি অত্যন্ত দুঃখজনক। রাস্তাটি কেটে ফেলার কারণে স্থানীয়দের চলাচলের মারাত্মক বিঘ্ন ঘটছে। আমরা সংশ্লিষ্ট কতৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
অভিযোগ অস্বীকার করে মো. শরীফ হাসান ভূইয়া বলেন, সরকারি হালটের জায়গাটি যখন একজনের দখলে ছিল তখন আমাদের নিজস্ব জমির ওপর দিয়ে সাময়িক চলাচলের জন্য অস্থায়ীভাবে রাস্তাটি করা হয়েছিল। এখন যেহেতু সরকারি হালট উদ্ধার করা হয়েছে তাই দিনের বেলায় এলাকার লোকজনদের সাথে নিয়েই আমাদের জায়গার অংশটি কাটা হয়েছে।
তিনি আরও বলেন, আমার জানা মতে কাটা রাস্তাটির কোনো আইডি নম্বর এখনো পড়েনি, এটি ব্যক্তিমালিকানাধীন জায়গা।স্থানীয় ইউপি সদস্য বলেন, রাস্তাটি কাটার ফলে চলাচলের ভোগান্তি সৃষ্টি হয়েছে, একজন ইউপি সদস্য হিসেবে কাটার আগে আমাকে জানানো উচিত ছিল।