তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী ও অভিনেতা দায়িত্ব নেয়ার পরই একের পর এক সিদ্ধান্তে আলোচনায় থালাপতি বিজয়। এবার তিনি অভিনেতা সুরিয়া ও তৃষা কৃষ্ণনের নতুন সিনেমা ‘কারুপ্পু’র জন্য সকাল ৯টার প্রথম প্রদর্শনী চালুর বিশেষ অনুমতি দিয়েছেন।
সিনেমাটি ঘিরে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। দেশজুড়ে অগ্রিম টিকিট বিক্রি থেকে প্রায় ৪.৪৫ কোটি রুপি আয় হয়েছে বলে জানা গেছে। সিনেমাটি মুক্তি পাবে বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৯টায়। নির্মাতা প্রতিষ্ঠান ড্রিম ওয়ারিয়র পিকচার্স সামাজিক মাধ্যমে এই অনুমতির খবর জানায় এবং মুখ্যমন্ত্রী বিজয়ের অফিসে কাজ করার একটি ছবিও প্রকাশ করে। পরিচালক-অভিনেতা আরজে বালাজি বিষয়টি অনলাইনে শেয়ার করলে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। আরজে বালাজি ছবিতে আইনজীবীর ভূমিকায় রয়েছেন, পাশাপাশি আছেন তৃষা কৃষ্ণনও।
শোনা যাচ্ছে, এই সিনেমাটিতে সুরিয়া ‘কারুপ্পুস্বামী’ চরিত্রে অভিনয় করেছেন। প্রায় দুই দশক পর আবার একসঙ্গে কাজ করছেন সূরিয়া ও তৃষা, শেষবার তারা একসঙ্গে ছিলেন ‘আরু’ সিনেমায়।
তামিলনাড়ুতে ভোরবেলার শো নিয়ে কড়াকড়ি ছিল ২০২৩ সালের কিছু বড় সিনেমা ঘিরে তৈরি বিশৃঙ্খলার পর থেকে। পরে নির্দিষ্ট কিছু বড় বাজেটের সিনেমার ক্ষেত্রে ব্যতিক্রম দেখা গেলেও বেশ কড়াকড়ি বজায় ছিল। সেই জায়গা থেকেই বিজয়ের এই সিদ্ধান্তকে অনেকেই নীতির পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন।
এর মাঝেই সামাজিক মাধ্যমে আরেকটি বিষয় ঘুরছে তৃষা ও বিজয়ের ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন। যদিও দুজনই বারবার জানিয়েছেন তারা শুধু ভালো বন্ধু, তবুও সাম্প্রতিক সময়ে একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাওয়ায় আলোচনা আরও বেড়েছে। সূত্র: দ্য ওয়াল।