রাসুলুল্লাহ (সা.) ছিলেন একজন আদর্শ পিতা, যিনি শুধু সন্তানের দৈহিক প্রয়োজন নয়, তাদের নৈতিক, আত্মিক ও মানসিক বিকাশেও গুরুত্ব দিতেন। তিনি সন্তানদের প্রতি অগাধ ভালোবাসা, ধৈর্য ও সহানুভূতি দেখিয়েছেন, নৈতিক শিক্ষা দিয়েছেন এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। তাঁর পিতৃত্বের মূল ভিত্তি ছিল ভালোবাসা, নৈতিকতা ও আখিরাতের কল্যাণে উদ্বুদ্ধ করা।
পুত্র ইবরাহিম (রা.)-এর প্রতি ভালোবাসা : আনাস (রা.) থেকে বর্ণিত আছে, ইবরাহিম (রা.) যখন দুধমাতার কাছে থাকতেন, তখন নবীজি (সা.) শুধু তাকে দেখার জন্য মাইলের পর মাইল হেঁটে যেতেন, তাকে কোলে তুলে নিতেন এবং চুমু খেতেন।
ইবরাহিম (রা.) শৈশবেই ইন্তেকাল করেন। ইন্তেকালের সময় নবী (সা.)-এর হৃদয়ে গভীর বেদনা সৃষ্টি হয়। তাঁর চোখ থেকে অশ্রু ঝরতে থাকে। এই দৃশ্য দেখে একজন সাহাবি বিস্মিত হয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘এটা হলো রহমত।’ এরপর তিনি বলেন, ‘নিশ্চয়ই চক্ষু অশ্রু ঝরাচ্ছে এবং হৃদয় বিগলিত হচ্ছে।
জয়নব (রা.) বদরের যুদ্ধে তাঁর স্বামী আবুল আস ইবনে রবি বন্দি হলে জয়নব (রা.) তাঁকে মুক্ত করার জন্য মুক্তিপণ হিসেবে একটি হার পাঠান, যা তাঁর মা খাদিজা (রা.) তাঁকে বিবাহের সময় দিয়েছিলেন। হারটি দেখে নবী (সা.)-এর মন এতটাই বিগলিত হয় যে তিনি সাহাবিদের অনুরোধ করেন যেন আবুল আসকে মুক্তি দিয়ে হারটি ফিরিয়ে দেওয়া হয়। সাহাবিরা সানন্দে তা করেন। (আবু দাউদ, হাদিস : ২৬৯২)
রুকাইয়া (রা.) : বদরের যুদ্ধের সময় রুকাইয়া (রা.) গুরুতর অসুস্থ হলে নবী (সা.) তাঁর স্বামী উসমান (রা.)-কে যুদ্ধে না গিয়ে স্ত্রীর সেবা করার নির্দেশ দেন। তিনি বলেন যে উসমান (রা.) যুদ্ধে অংশগ্রহণ না করেও বদরের মুজাহিদের সমান সওয়াব পাবেন।
উম্মে কুলসুম (রা.) : তৃতীয় কন্যা উম্মে কুলসুম (রা.)-এর ইন্তেকালের পর নবী করিম (সা.) তাঁর কবরের পাশে গিয়ে বসে থাকতেন। তাঁর চোখ থেকে তখন অবিরাম অশ্রু ঝরত। (বুখারি, হাদিস : ১২৮৫)
ফাতিমা (রা.) : নবী (সা.)-এর সবচেয়ে ছোট কন্যা ফাতিমা (রা.)-এর প্রতিও গভীর ভালোবাসা ছিল। তিনি ফাতিমাকে ‘আমার দেহের অংশ’ বলে সম্বোধন করতেন এবং বলতেন যে ব্যক্তি ফাতিমাকে কষ্ট দেয়, সে যেন আমাকেই কষ্ট দেয়। যখন ফাতিমা (রা.) আসতেন, তিনি দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানাতেন, তাঁর হাত ধরে চুমু দিতেন এবং নিজের আসনে বসাতেন।
রাসুলুল্লাহ (সা.)-এর জীবন আমাদের জন্য একজন আদর্শ পিতার সম্পূর্ণ চিত্র তুলে ধরে। তাঁর পিতৃত্ব ছিল ভালোবাসা, ধৈর্য, নৈতিক শিক্ষা এবং আধ্যাত্মিকতার এক অনুপম সমন্বয়। তিনি শিখিয়েছেন যে একজন সফল পিতা তিনিই, যিনি শুধু সন্তানের জাগতিক প্রয়োজন মেটান না, বরং তাদের হৃদয়কে আল্লাহর প্রতি ভালোবাসা এবং আখিরাতের কল্যাণের দিকে পরিচালিত করেন।