ইসলামী ব্যক্তিত্বের প্রকৃত অর্থ
ইসলামী ব্যক্তিত্ব বলতে শুধু বিশেষ পোশাক, বাহ্যিক অবয়ব কিংবা কোনো ইসলামী পরিচয়কে বোঝায় না, ইসলামী ব্যক্তিত্ব হলো একটি পূর্ণাঙ্গ জীবনদর্শন, যেখানে মানুষের আকিদা, ঈমান, চিন্তা, ইবাদত, চরিত্র, আচরণ ও কর্ম—সব কিছু ইসলামের আলোকে গড়ে ওঠে।একজন প্রকৃত মুসলিমের ব্যক্তিত্বে তিনটি বিষয় বিশেষভাবে সমন্বিত থাকে—সচেতন ও প্রজ্ঞাময় বিবেক, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক এবং উত্তম চরিত্র। সচেতন বিবেক মানুষকে সত্য ও মিথ্যার পার্থক্য করতে শেখায়। ফলে সে গণমাধ্যমের প্রচারণা, অন্ধ অনুকরণ ও বিভ্রান্তিকর মতাদর্শের স্রোতে ভেসে যায় না।
রাসুলুল্লাহ (সা.) শুধু কিছু বিধি-বিধান শিক্ষা দেননি; বরং তিনি মানুষকে একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থার আলোকে গড়ে তুলেছিলেন। তাঁর হাতে গড়া সাহাবিদের জীবন তার উজ্জ্বল প্রমাণ। আবু বকর সিদ্দিক (রা.) ছিলেন সত্যবাদিতা ও অবিচলতার অনন্য দৃষ্টান্ত। ওমর ইবনুল খাত্তাব (রা.) ছিলেন শক্তি, সাহস ও ন্যায়বিচারের প্রতীক। ওসমান (রা.) ছিলেন লজ্জাশীলতা ও দানশীলতার উজ্জ্বল উদাহরণ। আর আলী (রা.) ছিলেন জ্ঞান, প্রজ্ঞা ও সাহসের অনন্য প্রতিচ্ছবি। তাঁরা প্রত্যেকে ছিলেন স্বতন্ত্র ব্যক্তিত্বের অধিকারী; কিন্তু সবার মধ্যে একটি অভিন্ন বৈশিষ্ট্য ছিল—তাদের জীবন ঈমান, সুন্নাহ ও নববী শিক্ষার আলোকে গড়ে উঠেছিল।
তাহলে প্রশ্ন হলো, আমরা কি আমাদের সন্তানদের সেই আদর্শে গড়ে তুলতে পারি না? অবশ্যই পারি। প্রয়োজন শুধু সঠিক পদ্ধতি, আন্তরিক প্রচেষ্টা এবং নববী শিক্ষার প্রতি ফিরে আসা।
শৈশব থেকেই ইসলামী ব্যক্তিত্বের ভিত্তি গড়তে হবে
ইসলামী ব্যক্তিত্ব গঠন কোনো এক দিনের কাজ নয়। এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া, যার সূচনা হতে হবে শৈশব থেকেই। সন্তানকে ছোটবেলা থেকেই নামাজের প্রতি অভ্যস্ত করতে হবে। তাকে সত্য কথা বলতে শেখাতে হবে। আমানত রক্ষার শিক্ষা দিতে হবে। অন্যের প্রতি দয়া, সম্মান ও সহমর্মিতা গড়ে তুলতে হবে।
প্রথম ভিত্তি : ঈমান ও আকিদা
একজন মুসলিমের ব্যক্তিত্বের প্রথম ও প্রধান ভিত্তি হলো সঠিক ঈমান ও আকিদা। যে হৃদয় আল্লাহকে চেনে, সে মানুষের ভয়ে সত্যকে পরিত্যাগ করে না। যে ব্যক্তি বিশ্বাস করে তার জীবন, মৃত্যু, রিজিক ও ভবিষ্যৎ আল্লাহর হাতে, সে দুনিয়ার মোহে সহজে বিকিয়ে যায় না। তাই সন্তানদের শুধু ইসলামের কিছু বাহ্যিক বিধান শেখানো যথেষ্ট নয়; বরং তাদের শেখাতে হবে—আমাদের রব কে, কেন আমরা তাঁকে ভালোবাসি, কেন তাঁর ইবাদত করি এবং কেন তাঁর ওপরই ভরসা করি। এমন ঈমানই একজন মুসলিমের মধ্যে আত্মমর্যাদা, সাহস ও দৃঢ়তা সৃষ্টি করে।
দ্বিতীয় ভিত্তি : ইবাদত ও আত্মশুদ্ধি
ঈমানের পর ইসলামী ব্যক্তিত্ব গঠনের গুরুত্বপূর্ণ ভিত্তি হলো ইবাদত। আল্লাহ তাআলা বলেন, ‘আর নামাজ কায়েম করো। নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে।’ (সুরা : আল-আনকাবুত, আয়াত : ৪৫)
নামাজ শুধু কিছু নির্দিষ্ট শারীরিক অঙ্গভঙ্গির নাম নয়; বরং এটি মানুষের অন্তরকে আল্লাহর সঙ্গে যুক্ত করার অন্যতম প্রধান মাধ্যম। নামাজ মানুষকে আত্মসংযম শেখায়। রোজা তাকে ধৈর্য ও প্রবৃত্তি নিয়ন্ত্রণের শিক্ষা দেয়। জাকাত তাকে কৃপণতা ও স্বার্থপরতা থেকে পবিত্র করে। আর হজ তাকে সমগ্র মুসলিম উম্মাহর ঐক্য ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়।
অতএব, ইবাদত শুধু আখিরাতের সওয়াব অর্জনের মাধ্যম নয়; বরং এটি একটি শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ ব্যক্তিত্ব গঠনের অন্যতম প্রধান উপায়।
তৃতীয় ভিত্তি : উত্তম চরিত্র
ইসলামী ব্যক্তিত্বের আরেকটি অপরিহার্য ভিত্তি হলো উত্তম চরিত্র। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মুমিনদের মধ্যে ঈমানে সবচেয়ে পরিপূর্ণ সে-ই, যার চরিত্র সবচেয়ে উত্তম।’ (তিরমিজি, হাদিস : ১১৬২)
এ থেকে স্পষ্ট হয়, চরিত্র কোনো অতিরিক্ত সৌন্দর্য নয়; বরং এটি ঈমানেরই অংশ। একজন মানুষ অনেক ইবাদত করতে পারে, কিন্তু যদি সে মিথ্যাবাদী হয়, মানুষের অধিকার নষ্ট করে, অন্যকে কষ্ট দেয় কিংবা তার জিহ্বা ও হাত থেকে মানুষ নিরাপদ না থাকে, তাহলে তার ইসলামী ব্যক্তিত্ব অপূর্ণ থেকে যায়।
জ্ঞান ও চিন্তার শক্তি
বর্তমান যুগে ইসলামী ব্যক্তিত্ব গঠনের জন্য উপকারী জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই; বিভ্রান্তিকর তথ্যের অভাব নেই। সত্যের পাশাপাশি মিথ্যাও অত্যন্ত আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়। ফলে জ্ঞান ও প্রজ্ঞা ছাড়া একজন মানুষ খুব সহজেই বিভ্রান্ত হতে পারে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহ যার কল্যাণ চান, তাকে দ্বিনের গভীর জ্ঞান দান করেন।’ (বুখারি, হাদিস : ৭১)
তাই আমাদের সন্তানদের এমন শিক্ষা দিতে হবে, যাতে তারা শুধু পরীক্ষায় ভালো ফল করার জন্য নয়, বরং সত্যকে চেনার, সঠিকভাবে চিন্তা করার এবং হক ও বাতিলের পার্থক্য করার যোগ্যতা অর্জন করে। শুধু জ্ঞান অর্জন করলেই ইসলামী ব্যক্তিত্ব পূর্ণ হয় না। জ্ঞানকে জীবনে বাস্তবায়ন করতে হয়। আল্লাহ তাআলা বলেন, ‘বলুন, তোমরা আমল করতে থাকো। অচিরেই আল্লাহ, তাঁর রাসুল এবং মুমিনরা তোমাদের আমল দেখবেন।’ (সুরা : আত-তাওবা, আয়াত : ১০৫)
ইসলাম এমন কোনো দর্শন নয়, যা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকবে। ইসলাম মানুষের চিন্তা, ইবাদত, পরিবার, লেনদেন, কর্মক্ষেত্র, সমাজ ও ব্যক্তিগত জীবনে বাস্তবায়িত হওয়ার জন্য এসেছে। তাই আমাদের সন্তানদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা যা শেখে, তা জীবনে প্রয়োগও করে।
পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদের ভূমিকা
একটি শিশুর ব্যক্তিত্ব গঠনে পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাবা-মায়ের আচরণ, কথাবার্তা, ইবাদত ও পারিবারিক পরিবেশ শিশুর মনে গভীর ছাপ ফেলে।
তাই আমরা যদি সন্তানদের সত্যবাদী হতে বলি, অথচ তারা আমাদের মিথ্যা বলতে দেখে; যদি তাদের নামাজের নির্দেশ দিই, অথচ তারা আমাদের নামাজে অবহেলা করতে দেখে, তাহলে আমাদের উপদেশ তাদের মনে কতটা প্রভাব ফেলবে?
শিশুরা আমাদের কথার চেয়ে আমাদের কাজ বেশি অনুসরণ করে। অতএব, আমাদের ঘরগুলোকে এমন পরিবেশে পরিণত করতে হবে, যেখানে কোরআনের তিলাওয়াত থাকবে, নামাজের গুরুত্ব থাকবে, আল্লাহর জিকির থাকবে, সত্য ও সুন্দর কথার চর্চা থাকবে এবং পারস্পরিক ভালোবাসা ও সম্মান থাকবে। একইভাবে শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদগুলোতেও জ্ঞান, ঈমান ও চরিত্র গঠনের সমন্বিত শিক্ষা নিশ্চিত করতে হবে।