২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে বাকি আর ৪০ দিন। কিন্তু বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। বরং ক্রমেই বিষয়টি আরো জটিল হচ্ছে।
এই যখন পরিস্থিতি, তখন ফিফার সঙ্গে শিগগিরই আলোচনায় বসতে যাচ্ছেন ইরান ফুটবল ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা।এই বৈঠকেই বিশ্বকাপে খেলা-না খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে ইরান।
গত বৃহস্পতিবার কানাডার ভ্যাঙ্কুভারে ফিফার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত হওয়ার কথা ছিল ইরানের প্রতিনিধিদের। কিন্তু টরন্টো বিমানবন্দরে কানাডিয়ান ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অগ্রহণযোগ্য আচরণের’ কারণে দেশে ফিরে যান তারা।
গতকাল শুক্রবার ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদী তাজ বলেন, ‘অনেক বিষয় নিয়ে (ফিফার সঙ্গে) আমাদের আলোচনা করার আছে। আমাদের অবস্থান এই যে, শিগগিরই আমরা ফিফার সঙ্গে বৈঠকে বসব।’
ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, ফিফার মহাসচিব মাটিয়াস গ্রাফস্ট্রম ইরানি প্রতিনিধিদলকে আগামী ২০ মের মধ্যে ফিফার সদর দপ্তর জুরিখে আমন্ত্রণ জানিয়েছেন।
ইরানে গত ২৮ ফ্রেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর দেশটির ফুটবল দলের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়, যা দিনকে দিন বেড়েই চলেছে।
যুক্তরাষ্ট্রে খেলতে অস্বীকৃতি জানিয়ে ভেন্যু পরিবর্তনের জন্য ফিফার কাছে আবেদনও করেছে ইরান। কিন্তু তাদের অনুরোধে সাড়া দেয়নি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রে গিয়েই বিশ্বকাপে খেলবে ইরান—এমন কথা কয়েকবার বলেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা কংগ্রেসেও তিনি বলেছেন, ‘ইরান বিশ্বকাপে অংশ নেবে এবং যুক্তরাষ্ট্রেই খেলবে।’
এশিয়া অঞ্চলের বাছাই পর্ব থেকে সরাসরি বিশ্বকাপের টিকেট পেয়েছে ইরান।যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে চলা বিশ্বকাপে ‘জি’ গ্রুপে পড়েছে তারা।
এ ক্যাটাগরির আরো নিউজ..