রিয়াল মাদ্রিদের দুই রত্নকে একসঙ্গে দলে ভেড়াল ইংলিশ ক্লাব
Syed Asaduzzaman
/ ১৩
ভিউ:
হালনাগাদ:
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
শেয়ার করুন:
ট্রান্সফার উইন্ডোতে বড় চমক দেখালো ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ থেকে একযোগে দুই প্রতিশ্রুতিশীল তরুণ ফুটবলার গনজালো গার্সিয়া ও সেজার পালাসিওসকে দলে ভিড়িয়েছে তারা।
পাঁচ বছরের দীর্ঘমেয়াদি চুক্তিতে ক্র্যাভেন কটেজে ডেরা বেঁধেছেন এই দুই স্প্যানিশ তারকা।২২ বছর বয়সী ফরোয়ার্ড গনজালো গার্সিয়ার জন্য প্রায় ৩৪ মিলিয়ন পাউন্ড গুনতে হয়েছে ফুলহামকে। সান্তিয়াগো বার্নাব্যুতে নতুন ফুলহাম ম্যানেজার আলভারো আরবেলোয়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। পুরনো গুরুকে পেয়ে উচ্ছ্বসিত গার্সিয়া বলেন, ‘আমি সত্যিই কৃতজ্ঞ এবং এখানে আসতে পেরে দারুণ আনন্দিত।
আমার ওপর আস্থা রাখার জন্য বোর্ড ও আরবেলোয়াকে ধন্যবাদ। নতুন মিশন শুরু করার জন্য মুখিয়ে আছি।’গত মৌসুমে রিয়ালের সিনিয়র দলের হয়ে ৩৯ ম্যাচে মাঠে নেমে ৮টি গোল করার পাশাপাশি স্পেনের জাতীয় দলেও অভিষেক হয় এই উদীয়মান তারকার। এর আগে গত বছর অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপে যৌথভাবে শীর্ষ গোলদাতাও ছিলেন তিনি।গার্সিয়ার পথ ধরেই ক্র্যাভেন কটেজে যোগ দিয়েছেন রিয়ালের ২১ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার সেজার পালাসিওস। ২০৩১ সালের গ্রীষ্ম পর্যন্ত চুক্তি হলেও ক্লাবের ইচ্ছায় দুজনেরই চুক্তির মেয়াদ আরো এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। রিয়ালের সিনিয়র দলের হয়ে বদলি খেলোয়াড় হিসেবে ৫টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে পালাসিওসের। এ ছাড়া তিনি স্পেনের অনূর্ধ্ব-২০ জাতীয় দলেও খেলেছেন।আক্রমণভাগে এমন দুই স্প্যানিশ প্রতিভাকে এক ছাদের নিচে এনে নতুন মৌসুমে বড় চমক দেখানোর বার্তা দিয়ে রাখলো ফুলহাম।